দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের হিলিরডাংগা–পঞ্চায়েত পাড়া সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬ ইং) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অটোচালক মোঃ ফারুক হোসেন (৩৯) ডাকাতির শিকার হয়েছেন।ভুক্তভোগী ফারুক হোসেন কুশদহ মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোচালক ও ডিম ব্যবসায়ী। জানা যায়, রাতের অন্ধকারে তিনি অটোযোগে হিলিরডাংগা থেকে পঞ্চায়েত পাড়ার দিকে যাওয়ার পথে ৪-৫ জনের একটি ডাকাত দল তার পথরোধ করে। পরে তারা জোরপূর্বক তাকে আটকে রেখে আনুমানিক ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়।এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তার অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ভুট্টা ক্ষেতে উল্টে যায়। ধস্তাধস্তির সময় ফারুক হোসেন চিৎকার করলে নিকটবর্তী বাজার থেকে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে, যা ডাকাতদের ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় তার অটোর মধ্যে থাকা অধিকাংশ ডিম নষ্ট হয়ে যায়, ফলে আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। আহত ফারুক হোসেনের বাম কানে ও ডান চোখে আঘাত লেগেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে নবাবগঞ্জ উপজেলায় ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।








