উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস।

রোববার (০১ মার্চ ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নেন। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশে পরিণত হয়।

আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের নজর এড়িয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে।

সমাবেশে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্রতর হচ্ছে এবং স্থানীয় জনপদের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। তারা দ্রুত প্রশাসনিক অভিযান জোরদার করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, স্থানীয় নাগরিক শাহরিয়ার আসাদ, আবু সোহাগসহ অনেকে। কর্মসূচি সঞ্চালনা করেন আবু রায়হান জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সমাজের সচেতন মহল ও প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। তিনি জানান, অবৈধ বালু উত্তোলন ও জমির টপসয়েল কেটে মাটি বিক্রির বিষয়ে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। স্থানীয়দের প্রত্যাশা, তিস্তা নদী রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং পরিবেশ ধ্বংসকারী চক্রকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031