
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা অংশে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ র্যাব-১৪। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়, যার নেতৃত্ব দেন র্যাব-১৪’র এএসপি লুৎফা।
অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির বৈধ লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সনদ না থাকার কারণে সেগুলো আটক করা হয়। এছাড়া, বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মোটরসাইকেল আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র যানবাহন আটক করাই নয়, চালকদের সচেতন করতেও অভিযান পরিচালিত হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর পলাশ ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সড়কে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত অভিযান চালালে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমানো সম্ভব হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা রোধ এবং যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে র্যাব, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে









