ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন, মানসম্মত পরিসংখ্যান উন্নয়নের চাবিকাঠি

আবুল কালাম আজাদ : “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর ২০২৫) ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যানের বিকল্প নেই। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, “তথ্যই শক্তি। তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে আমরা উন্নয়নের অগ্রগতি ও জনগণের জীবনমানের প্রকৃত চিত্র নিরূপণ করতে পারি।” আলোচনা সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031