চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলমগীর কবীর। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, বিদায়ী জেলা প্রশাসক লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে। দায়িত্ব হস্তান্তরের দিনে চুয়াডাঙ্গাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে এক আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন তিনি।
বিদায়ী বার্তায় লুৎফুন নাহার বলেন, কর্মজীবনের নিয়মিত বদলির অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা জেলা থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। এ জেলার মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতা তাঁর কর্মজীবনের স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবে।
দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ পথচলায় জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে।
কর্মব্যস্ততার সময় জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাঁর কোনো আচরণ, কথা কিংবা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিদায়ী জেলা প্রশাসক। একই সঙ্গে অনিচ্ছাকৃত ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।
বার্তার শেষে লুৎফুন নাহার বলেন, “বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়। কর্মস্থল পরিবর্তন হলেও চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও এ জেলার স্মৃতি হৃদয়ে অক্ষুণ্ণ থাকবে।”
তিনি চুয়াডাঙ্গার অব্যাহত অগ্রযাত্রা এবং জেলার প্রতিটি মানুষের সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ জীবন কামনা করেন। পাশাপাশি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক পদে এই রদবদল আনা হয়।







