কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

শুভ্র মজুমদার : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর আরোহী আবীর হোসেন (১৫)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামের নিশান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনিক কালিহাতী পৌরসভার সিলিমপুর এলাকায় চাচাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলযোগে সিলিমপুরের পথে রওনা হন। পথে চাটিপাড়া সেতুর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অনিক সড়কে ছিটকে পড়েন এবং বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহী আবীর হোসেন গুরুতর আহত হন। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031