নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা পক্ষ নিলে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাওজুল করিম খান

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, সেটা কেউ বলতে পারবে না।”

শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নেই। এ সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন নিয়ে অন্তবর্তীকালীন সরকারের কোনো স্বার্থ নেই—“কে জিতল বা কে হারল, সেটা নির্বাচনের ব্যাপার। তবে কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো দলের পক্ষ নেয়, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনের ভোট রাতে হয়েছে, সেটি ছিল ‘লায়লাতুল নির্বাচন’। এবার সেই পরিস্থিতি আর হবে না। তিনি জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই, তবে কিছু কারখানায় গ্যাসের ঘাটতি আছে, যা শিগগিরই সমাধান হবে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে সড়কে কিছুটা ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “যেমন সন্তান জন্মদানের সময় কিছুটা কষ্ট হয়, তেমনি উন্নয়নের জন্য সাময়িক দুর্ভোগ মেনে নিতে হবে।”

পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031