
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দায়ের হওয়া নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাওলানা আবরারুল হক (৩৫)–কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। র্যাব সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মাওলানা আবরারুল হক এক নাবালিকা মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এলাকার একটি অজ্ঞাত বাসায় নিয়ে যান। সেখানে অবস্থানকালে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ২৩ এপ্রিল সকালে ভিকটিমকে বাদীর বাড়ির পাশেই ফেলে রেখে পালিয়ে যায় আসামি। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (ধারা ৭/৯(১)) এর আওতায় মামলা দায়ের করেন। মামলার নম্বর- ০৪, তারিখ- ০২ মে ২০২৫। মামলার পর থেকেই র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের সহযোগিতায় ১ আগস্ট রাত ১২টা ৫৫ মিনিটে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাওলানা আবরারুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।









