ভোলার তজুমদ্দিনে গৃহবধূ গণধর্ষণের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ: অপরাধীদের শাস্তি না হলে ‘গণআন্দোলনের’ হুঁশিয়ারি

মোঃ আব্দুর রহমান হেলাল, জেলা প্রতিনিধি, ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার মোল্লার পুকুরপাড় এলাকায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সচেতন সমাজ। এ বর্বর ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভোলা জেলা শাখা বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি ভোলা সদর উপজেলার কালীনাথ রাহের বাজার হাটখোলা জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এতে অংশ নেয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ জনতা।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা মো. তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দেশ এখন ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির নীরব দুর্বৃত্তশাসনের অধীন। এক সময় এসিড সন্ত্রাসে দেশ কেঁপেছিল, আর এখন জাতি চরম ধর্ষণ ও রাজনৈতিক সন্ত্রাসের ছোবলে জর্জরিত। যারা এসব জঘন্য কাজে জড়িত, তারা যে দলেরই হোক—কোনো ছাড় নেই।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে অপরাধের কারণে আওয়ামী লীগকে জনতার আদালতে জবাবদিহি করতে হয়েছে, একই ধরনের অপরাধে বিএনপিও যদি দলীয় সন্ত্রাসীদের রক্ষা করে, তবে তাদের বিরুদ্ধেও একই আন্দোলনের জোয়ার উঠবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট রাজনীতির স্থান হবে না।”

বিক্ষোভ শেষে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031