নওগাঁর সীমান্ত এলাকায় ইব্রাহিম নামে এক বাংলাদেশী গরুর রাখালকে গুলি করেছে ভারতীয় বিএসএফ

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে এক বাংলাদেশি রাখালকে গু*লি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইব্রাহিম (৪০) নামের ওই রাখাল সেখানে গরু চরাচ্ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৬নং পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে ইব্রাহিম নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় একটি সূত্র। তবে বিএসএফের পক্ষ থেকে তার নিহতের তথ্য নিশ্চিত করা হয়নি। গুলির শিকার ইব্রাহিমকে এখনও উদ্ধার করা হয়নি। তিনি নিতপুর ইউনিয়নের সৈয়দ মণ্ডলের ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশী মতিউর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম সীমান্ত এলাকায় গরু চরাতে যান। এসময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দুপুর পর্যন্ত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম। তিনি বলেন, নিতপুর সীমান্তের ২২৬নং পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে বিএসএফ এখনো গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে।

এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে বৈঠকের নির্ধারিত সময় এখনো জানানো হয়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031