জামিনের পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার ময়মনসিংহের অনি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সব মামলায় জামিন লাভের পরও ফের আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫)। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে বের হওয়ার সময় তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এ ঘটনায় অনির পরিবার ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করছেন, “সব মামলায় উচ্চ ও নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পরও অনিকে ফের গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে।”

অনির বড় ভাই নওফেল আহমেদ অমি বলেন, “আদালতের নির্দেশ অনুসারে সে জামিন পেয়েছে। তারপরও তাকে আটকের ঘটনা আইনবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অনিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জানা গেছে, অনির বিরুদ্ধে ডিসি বাংলো ভাঙচুর, শহিদ সাগর হত্যা, বিএনপি অফিস এবং দলটির কেন্দ্রীয় নেতার বাসায় হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার তিনটিতে নিম্ন আদালত এবং একটি মামলায় গত ২৫ মে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর পলাতক অবস্থায় ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করেছিল।

ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন, আদালতের আদেশ অমান্য করে এভাবে জামিনপ্রাপ্ত কাউকে ফের আটক করা সংবিধান ও বিচারিক স্বাধীনতার পরিপন্থী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031