কুড়িগ্রামে নৌকা ডুবির ঘটনায় আরোও এক শিশুর লাশ উদ্ধার নিখোঁজ- ৫

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় তিস্তানদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর কুলসুম খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান।
শনিবার (২২ জুন) সকালে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের জিগাবাড়ির চর এলাকায় তিস্তা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্বজনরা। শিশু কুলসুম সাতালস্কর গ্রামের কয়জর আলীর মেয়ে। গত বুধবার রাতে মায়ের সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার পথে নৌকাডুবে নিখোঁজ হয় শিশুটি।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে তিস্তা নদীর কোলায় বালুতে আটকে ছিল শিশুটি। দুই হাত পানির ওপরে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরও জানান, নৌকাডুবির ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপালি বেগম(২৫), তাদের কন্যা সন্তান আইরিন (৯), ভাগ্নি হিরা মনি (৯) ও আজিজুর রহমানের ছেলে শামিম হোসেন (৫)।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, গত বুধবার সন্ধ্যায় পশ্চিম বজরা এলাকার ২৬ জন যাত্রী নিয়ে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১৯ জন নদী সাঁতরে তীরে উঠতে পারলেও সাতজন নিখোঁজ হয়। পরে তল্লাশি চালিয়ে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। শনিবার আরও এক শিশুর লাশ উদ্ধার করা হলো। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031