এবছর রাষ্ট্রীয়ভাবে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ নভেম্বর মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এর পরিচালনায় সকাল সাড়ে ১১ টা থেকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলি আহম্মেদ, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, সিভিল সার্জন শামীম কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল ওহাব।
বক্তারা যথাযথ মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহরের নোমানী ময়দানে সকাল দশটায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালনের সিদ্ধান্ত নেন। এছাড়া মহান বিজয় দিবস উদযাপনের কুচকাওয়াজ এবং তিন দিনের মেলা মাগুরা স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হওয়ার কথা ব্যাক্ত করেন। সবশেষে প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দুটি দিবসের গুরুত্ব তুলে ধরে কর্মসূচি বাস্তবায়ন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।









