চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধ, মাদক পাচার ও অবৈধ কারবার নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম।






