সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক জাংলং। বিয়ের পর নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন তিনি। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের তরুণী কুশবু বেগমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় চীনের নাগরিক জাংলংয়ের। পরিচয়ের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দুই দিন পর মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে ধর্মপাশার বৌলাম গ্রামে শ্বশুরবাড়িতে আসেন জাংলং।
কুশবু বেগম বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।
চীন ও বাংলাদেশের দুই নাগরিকের এই বৈবাহিক সম্পর্কের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফেসবুকে পরিচয় থেকে প্রেম এবং পরবর্তী সময়ে দুই দেশের নাগরিকের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে চীনের এক নাগরিকের বিয়ে হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।






