এসএফ টিভির সংবাদ প্রকাশের পর দৃষ্টিপ্রতিবন্ধী রেজাউলের পাশে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, দেওয়া হলো সেলাই মেশিন ও আর্থিক সহায়তা

জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। জীবনের প্রায় চার দশক ধরে সংগীতচর্চা ও গান শেখানোর সঙ্গে যুক্ত থেকেও স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন সংগীতশিল্পী ও শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। তাঁর অসহায়ত্বের কথা তুলে ধরে এসএফ টিভি নিউজ বিডিতে সংবাদ প্রকাশের পর এবার তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার রেজাউল করিম ও তাঁর পরিবারের সদস্যদের হাতে একটি সেলাই মেশিন, দর্জির কাজের জন্য প্রয়োজনীয় কাপড়, সুই-সুতা ও অন্যান্য উপকরণ এবং নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন।

জানা গেছে, প্রায় দুই মাস আগে ‘চার দশক ধরে গান শেখান রেজাউল, তবু দুমুঠো খাবারের জন্য ঘুরতে হয় দ্বারে দ্বারে’ শিরোনামে এসএফ টিভি নিউজ বিডিতে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে রেজাউল করিমের পরিবারের বাস্তব অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিবারটির আর্থিক অসচ্ছলতা বিবেচনায় নিয়ে রেজাউলের স্ত্রীকে সেলাইয়ের কাজের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেন ইউএনও। এরই অংশ হিসেবে সেলাই মেশিন, দর্জির কাজের প্রয়োজনীয় উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে তাঁর স্ত্রী যেন অন্যের কাছে বারবার সাহায্যের জন্য হাত না পেতে নিজেই কাজ করে পরিবারের আয়ে ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত রেজাউল করিম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সহযোগিতা তাঁর পরিবারের জন্য নতুন আশার আলো। বিশেষ করে স্ত্রীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় পরিবারে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করছেন তিনি।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। শৈশবে কেদারগঞ্জ আদর্শ অন্ধ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ব্রেইল পদ্ধতিতে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। পরবর্তী সময়ে জেলা শিল্পকলা একাডেমিতে সংগীতের প্রশিক্ষণ নিয়ে সংগীত শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। প্রায় চার দশক ধরে অসংখ্য শিক্ষার্থীকে গান শিখিয়েছেন তিনি।

তবে বয়স ও সময়ের পরিবর্তনে সংগীত শেখানোর কাজ কমে যাওয়ায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। তাঁর এই মানবিক পরিস্থিতি নিয়ে এসএফ টিভি নিউজ বিডিতে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধী রেজাউল করিমের পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং কর্মসংস্থানের পথ তৈরি করে দেওয়ার এ উদ্যোগ মানবিক প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

এসএফ টিভির সংবাদ প্রকাশের পর দৃষ্টিপ্রতিবন্ধী রেজাউলের পাশে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, দেওয়া হলো সেলাই মেশিন ও আর্থিক সহায়তা

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com