আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ কাওসার আহমেদের নেতৃত্বে হিজলায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হিজলা উপজেলা সদর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন।
কর্মসূচিতে হিজলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মতিন তালুকদার, সদস্যসচিব আমির হোসেন বাগা, যুবদল নেতা জহির রায়হান, কামাল সরদার ও মাহফুজুর রহমান এলিটসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ কাওসার আহমেদ বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আদর্শের রাজনীতি করি। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই অনেক যাচাই-বাছাই করে আমাদের উত্তর জেলা যুবদলের দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদল সব সময় সোচ্চার থাকবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
কর্মসূচিকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এতে হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পার্শ্ববর্তী কাজিরহাট থানায় গিয়ে শেষ হয়।








