জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানটির সাফল্যে নতুন মাত্রা যোগ করেছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক—উভয় সম্মাননা অর্জন করায় বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। ২৩ নভেম্বর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের হাত থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার এবং সনদ গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল ইসলাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ গৌরবময় অর্জনে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নিঃসন্দেহে এক গৌরবোজ্জ্বল অর্জন। এ সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎকর্ষ সাধনে অনুপ্রেরণা জোগাবে।








