ঝড়ে উড়ে যাওয়া টিন ফিরল দুই বৃদ্ধার ঘরে, মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন ইউএনও

স্বামীহারা দুই অসহায় বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন এবং ঝড়ে উড়ে যাওয়া ঘরের টিন নিয়ে প্রকাশিত সংবাদে সাড়া দিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। অসহায় ওই দুই বোনের দুর্দশার কথা জানতে পেরে তিনি তাদের এক বান টেউটিন সহায়তা দিয়েছেন।

উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা বৃদ্ধা খাদিজা খাতুন ও শহরবানুর দুরবস্থা নিয়ে সম্প্রতি ‘স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন, ঝড়ে উড়ে গেছে ঘরের টিন’ শিরোনামে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের নজরে আসার পর বিষয়টি সংশ্লিষ্ট মহলে তুলে ধরা হয়।এরপর সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের নজরে এলে তিনি দুই বৃদ্ধা বোনের জন্য এক বান টিন বরাদ্দ দেন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিনের রিসিভ সংগ্রহ করে তা দুই বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।টিন পেয়ে আবেগাপ্লুত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন খাদিজা ও শহরবানু। তারা বলেন, ‘আমাদের স্বামী নেই, বয়সও হয়েছে। অনেক কষ্ট করে দিন কাটাই। ঝড়ে ঘরের টিন উড়ে যাওয়ার পর থেকে খুব কষ্টে ছিলাম। ইউএনও সাহেব আমাদের টিন দিয়েছেন, এতে আমরা অনেক খুশি। আল্লাহ তাঁর ভালো করুন।’
তবে টিন পেয়েও দুই বৃদ্ধার দীর্ঘদিনের একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। আক্ষেপ করে তারা বলেন, ‘এখন তো মাটির ঘর আর কেউ করে না। সরকার অনেক অসহায় ও গরিব মানুষকে পাকা ঘর করে দিচ্ছে। আমাদের যদি ছোট্ট একটি কক্ষের পাকা ঘর করে দিত, তাহলে জীবনের বাকি দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারতাম।’
অসহায় দুই বৃদ্ধা বোনের এই আকুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের বিবেচনায় আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। একটি নিরাপদ আশ্রয়ই হতে পারে তাদের জীবনের শেষ বয়সের সবচেয়ে বড় স্বস্তি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝড়ে উড়ে যাওয়া টিন ফিরল দুই বৃদ্ধার ঘরে, মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন ইউএনও

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com