সংসদ ভবন পরিদর্শন, শিক্ষার্থীদের উদ্দেশে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার আহ্বান
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র ও পাকিস্তান আমলের ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের গবেষকেরা তাঁদের গবেষণার প্রয়োজনে এসব দলিল ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং তাঁদের প্রিয় ব্যক্তিত্ব। অনেক প্রচেষ্টার মাধ্যমে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দিয়েছেন। বর্তমানে তাঁরা যে কক্ষে অবস্থান করছেন, সেটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এ ধরনের একটি ঐতিহাসিক স্থানে আসতে পারা তাঁদের জন্য সৌভাগ্যের বিষয়। এই সংসদ জনগণের সংসদ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে অনেকে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার। প্রতিযোগিতার বিজয়ীদের নিজ হাতে পুরস্কার বিতরণের আগ্রহও প্রকাশ করেন তিনি। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। এসব স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখে তাঁরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।







