২০২৭ সালের হজে বাংলাদেশিদের কোটা ৮৩ হাজার ৫০০, সৌদির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনাসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন।
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা, হজের কোটা, আবাসন, পরিবহন, মিনা ও আরাফাতে অবস্থানসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেদ্দায় চলমান ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী উপলক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার সমন্বয় এবং হজ কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে। ফলে ২০২৭ সালে বাংলাদেশের জন্য মোট হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার ৫০০ জন।
নতুন এ কোটা বরাদ্দের ফলে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী বাংলাদেশি মুসল্লিদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

২০২৭ সালের হজে বাংলাদেশিদের কোটা ৮৩ হাজার ৫০০, সৌদির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com