মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুত করা ১৪ বস্তা সার জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার বাগেরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সার, কীটনাশক, বীজ, মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে বাগেরহাট বাজারের মেসার্স লস্কর স্টোরে সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স আশরাফ ট্রেডার্সকে লাইসেন্সবহির্ভূতভাবে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে একই আইনের ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করা ১৪ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা বীজ প্রত্যয়ন অফিসের কর্মকর্তা মো. হাসিনুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসের প্রতিনিধিরা এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সজল আহমেদ।









