নড়াইলের নড়াগাতী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে আশিক শেখ (৪০) এবং একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে অহিদুল ইসলাম শেখ (২৪)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসআই (নিরস্ত্র) এফ. এম. তারেক ও এএসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে আশিক শেখের বাড়ির সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করেন।এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।









