মো. মুক্তাদির হোসেন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম। তাঁর এ দায়িত্ব গ্রহণকে স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।জানা গেছে, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর মিঞা তাঁর বড় ছেলে মো. মোয়াজ্জেম হোসেন ভারতে চিকিৎসাধীন থাকায় বর্তমানে তাঁকে দেখতে ভারতে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে শিখা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।শিখা বেগম তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।এদিকে, চেয়ারম্যান মো. আবু বকর মিঞা তাঁর ছেলের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি সফর শেষে যেন সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্যও সবার দোয়া কামনা করেছেন।অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম মো. মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে শিখা বেগমের এ দায়িত্ব গ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। তাঁর দায়িত্ব পালনকালে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে নাগরিক সেবা পাবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের। ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর।









