চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গায় জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ট্রাক্টর মালিক আরিফ আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এ মামলায় তাঁর বাবা শরিফ মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত।ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নবাব আলী জানান, সোমবার আদালতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র ও সার্বিক তথ্য উপস্থাপন করে আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় মোড়ভাঙ্গা বাজারের একটি চপ-পেঁয়াজুর দোকানে জমি চাষের পাওনা টাকা নিয়ে আরিফের সঙ্গে কৃষক সালামের বিরোধ হয়। জমি চাষের জন্য ১ হাজার ৫০০ টাকা দাবি করা হলে সালাম ১ হাজার ৩৫০ টাকা পরিশোধ করেন। বাকি ১৫০ টাকা পরে দেওয়ার কথা জানান তিনি। কিন্তু তাৎক্ষণিক পুরো টাকা পরিশোধের দাবিতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে আরিফ দোকান থেকে কাঠের খড়ি নিয়ে সালামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। অভিযোগ অনুযায়ী, এরপরও তাঁর বুক ও পিঠে লাথি মেরে ঘটনাস্থল ত্যাগ করেন আরিফ।গুরুতর আহত সালামকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মোড়ভাঙ্গা চর চাঁদপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।ঘটনার পর আলমডাঙ্গা থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়েছিল। আহত সালামের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।মাত্র ১৫০ টাকার বিরোধে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত নিহতের স্বজন ও এলাকাবাসী। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








