মোঃ মুক্তাদির হোসেন
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে বাসাইর বাজারে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।শনিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাসাইর বাজার, জামালপুর, ফুলদী ও বক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।অভিযানে নাম ও মোড়কবিহীন জন্মদিনের কেক উৎপাদন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় মো. ফারুক হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ছাড়া জামালপুর বাজারের নুবহা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বিকে (২৬) ১৬ দিনের, জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের জসিমের ছেলে আসিফকে (২৩) তিন মাসের এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. মোতালিবকে (২৩) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।









