শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পূজামণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সাদা পোশাকে সদস্য মোতায়েনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হচ্ছে।শনিবার সকালে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।লিখিত বক্তব্যে তিনি জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩। এ লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে।তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার মনিটরিং টিম সক্রিয় থাকবে। প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।পূজামণ্ডপে হামলা, ভাঙচুর কিংবা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।দুর্গাপূজাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে এসআরবি-১৩। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।








