আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক ও সদস্য পদে মনোনয়ন জমা দিলেন শামীম রেজা ও আলামিন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ ক্রীড়া সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী মো. শামীম রেজা। একই নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী আলামিন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। শামীম রেজা বিসমিল্লাহ মুরগি ও ফিড কর্নারের স্বত্বাধিকারী।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রার্থীরা নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও আপত্তি নিষ্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রচারণায় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও মাইক ব্যবহার করা যাবে না। কেবল হ্যান্ডবিল ব্যবহারের অনুমতি রয়েছে। র‍্যালি, মিছিল ও সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ২৯ অক্টোবর রাত ১২টার মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করতে হবে। ভোট দেওয়ার সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

ব্যবসায়ীদের প্রত্যাশা, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং আলমডাঙ্গা বণিক সমিতি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক ও সদস্য পদে মনোনয়ন জমা দিলেন শামীম রেজা ও আলামিন

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com