চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি হামিদুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় ইউনিটের চলমান বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং মানবসেবামূলক উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, মানবতা, সহমর্মিতা ও সেবার মহান আদর্শকে ধারণ করে রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় সংকটাপন্ন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়বদ্ধতার মাধ্যমে চুয়াডাঙ্গা ইউনিট আগামী দিনে মানবসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
‘মানবতার সেবায়, মানুষের কল্যাণে—রেড ক্রিসেন্ট সর্বদা মানুষের পাশে’—এই আদর্শকে সামনে রেখে চুয়াডাঙ্গা ইউনিটের ভবিষ্যৎ মানবিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।









