কাউখালীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স, তথ্য সংগ্রহে ২৫ কর্মী

এম এস শ্রাবণ মাহমুদ, রিপোর্টার ; রাঙামাটির কাউখালী উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড নিয়ে গুজব ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি প্রকৃত সুবিধাভোগী পরিবার চিহ্নিত করতে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। প্রেস কনফারেন্সে জানানো হয়, দেশব্যাপী চলমান এ কার্যক্রমে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা ডিজিটাল ডিভাইস বা ট্যাব ব্যবহার করে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। বিশেষ করে প্রান্তিক, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত পরিবার চিহ্নিত করতে এ তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিবারের সব সদস্যের সঠিক তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। পাশাপাশি ভুল, অসম্পূর্ণ বা অতিরঞ্জিত তথ্য না দিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খারেক।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সহসভাপতি অর্জুন মনি চাকমা, সংসদ সদস্যের প্রতিনিধি মো. শওকত হোছাইন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের মসজিদ, মন্দির ও গির্জায় ব্যাপক প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৫ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ১৫ জনকে ট্যাব সরবরাহ করা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কাউখালীতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স, তথ্য সংগ্রহে ২৫ কর্মী

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com