শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বক্ষেত্রে কন্যাশিশুর সমান অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর সম্ভাবনাকে বিকশিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুর শিক্ষার সুযোগ বৃদ্ধি, অধিকার সুরক্ষা এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, প্রকৌশলী এম. আব্দুস সামাদ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলতাফ হোসেন, পৌর জামায়াতের আমির মো. মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের দিপল বিশ্বাস এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যয়ে দিবসটি পালিত হয়।









