কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপিনাথপুর গ্রাম থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ৫অক্টোবর ( সোমবার) থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ তিন শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। নিখোঁজ তিনজনই গোপিনাথপুর জি.এম.এস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো—গোপিনাথপুর দক্ষিণপাড়ার সারোয়ার আলীর মেয়ে সুরাইয়া খাতুন (১৫), ফজলুল হকের মেয়ে ফজিলা আক্তার চাঁদনী (১৪) এবং পূর্বপাড়ার কুরবান আলীর মেয়ে জান্নাতুল খাতুন (১৫)। পরিবারের দাবি, তিন শিক্ষার্থী নিজ গ্রাম থেকে ভ্যানে করে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মুনাকষা মোড়ে যায়। সেখান থেকে তাদের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিছুদূর যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনজনের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, এর আগে একটি চক্রের সদস্যরা নিয়মিত ওই তিন শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করত। বিভিন্ন প্রলোভন দেখানোর পাশাপাশি বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের টাকা দেওয়া এবং অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলার অভিযোগও রয়েছে। পরে তাদের ফুসলিয়ে নিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে পরিবারের সদস্যদের ধারণা। তবে তারা কোনো সংঘবদ্ধ নারী ও শিশু পাচারকারী চক্রের কবলে পড়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ তিন শিক্ষার্থীকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তাদের পরিবারের সদস্যরা। কেউ নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান পেলে বা তাদের বিষয়ে কোনো তথ্য জানতে পারলে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।








