মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-এর ধারাবাহিক তৎপরতায় সেপ্টেম্বর ২০২৬ মাসে হারানো ও বিভিন্ন সময় ছিনতাই হওয়া ৩৫ টি মোবাইল ফোন তথ্য-প্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিয়েছে মাগুরা জেলা পুলিশ। পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, উদ্ধার করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস-২৩সহ মোট ৩৫টি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। ৮ অক্টোবর ২০২৬ মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খন্দকার খায়রুল হাসান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রেস রিলিজে আরও জানানো হয়, হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের অনেকেই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। হারানো মূল্যবান মোবাইল ফোন ফিরে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি তৈরি হয়েছে। এছাড়া সেপ্টেম্বর ২০২৬ মাসে সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক ১২ জন ভিকটিম উদ্ধার, হত্যা মামলার ২ জন আসামি এবং সার কালোবাজারি মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করার তথ্যও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে মাগুরা জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।








