চুয়াডাঙ্গার দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক কমিটির সদস্য হাজী খন্দকার শওকত আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ তীব্র অসুস্থতা বোধ করেন হাজী খন্দকার শওকত আলী। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে দর্শনা পৌরসভাসহ চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিএনপির নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বাড়িতে ছুটে যান এবং মরদেহের পাশে জড়ো হন।
হাজী খন্দকার শওকত আলীর মৃত্যুতে জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতারা বলেন, দর্শনা পৌর এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হাজী খন্দকার শওকত আলীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরে জানানো হবে বলে জানা গেছে।









