মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ৫ অক্টোবর মাগুরা সদর উপজেলার ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এদিন বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে কনফেকশনারি ও ফলের দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানসমূহে তদারকি করা হয়।
এসময় ঢাকা রোডে মেসার্স লিটন ফল ভান্ডারকে ফলের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অতিরিক্ত লাভে ফল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ অন্যান্য অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০,০০০/- টাকা,মেসার্স রানা ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৩,০০০/- টাকা, মেসার্স শহিদ ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৩,০০০/- টাকা,মেসার্স রতন ফল ভান্ডারকে ৪৫ ধারায় ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ভায়না মোড়ে মেসার্স ফুডি চয়েস নামক কনফেকশনারি প্রতিষ্ঠানে অভিযানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। এছাড়া তারিখ বিহীন কেক বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৭ ও ৫১ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এমন আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: ফয়েজুল কবির, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, মাগুরা ও মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহমেদ।









