চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. মুক্তাজুর রহমান মল্লিককে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এ সময় লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে গ্যাস মজুত না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ঔষধ ও শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।









