চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী এম সনজু আহমেদ। তিনি আলমডাঙ্গা রথতলা চৌধুরী টাওয়ারের নিচতলায় অবস্থিত ‘সনজু ফার্নিচার’-এর স্বত্বাধিকারী।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়।
এম সনজু আহমেদ দীর্ঘদিন ধরে আলমডাঙ্গায় ব্যবসার পাশাপাশি গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা আন্দোলন বাজার-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসএফ টিভি নিউজ বিডির সংবাদ সংগ্রহ ও প্রচারের সঙ্গেও যুক্ত রয়েছেন।
এ ছাড়া তিনি আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এম সনজু আহমেদ বলেন, স্থানীয় ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার আগ্রহ থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করতে চান তিনি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৯ ও ১০ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৩ অক্টোবর মনোনয়নপত্র জমা, ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৪ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও মাইক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে র্যালি, মিছিল ও সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর রাত ১১টার মধ্যে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষ করতে হবে। আলমডাঙ্গা বণিক সমিতির এই নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।









