সংবিধান সংশোধন বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

২৯ সেপ্টেম্বর ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বিভিন্ন ইলেকট্রনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিসহ টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে নিজেদের প্রস্তাব ও মতামত কমিটির কাছে তুলে ধরেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে আলোচনার বাইরে কারও লিখিত কোনো প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানো যাবে। সংবিধান সংশোধন বিষয়ে বৈঠকে উত্থাপিত প্রস্তাব এবং লিখিতভাবে প্রেরিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এদিকে সংবিধান সংশোধন বিষয়ে আরও বিস্তৃত মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে বিশেষ কমিটি। এর অংশ হিসেবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বদানকারী ব্যক্তিদের পর্যায়ক্রমে পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সংবিধান সংশোধন বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com