চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার ছুটিয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম (৫৪), বালিহুদা গ্রামের ওহাব আলীর ছেলে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস (৫৬) এবং জীবননগর শহরের মহানগর উত্তরপাড়া এলাকার আসাদুজ্জামানের ছেলে ছাত্রলীগ নেতা সাজেদুজ্জামান দীপ (২৪)।
গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন মনোহরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩), করচাডাঙ্গা গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে নূর হোসেন (৪২) ও তাঁর সহোদর আমিন হোসেন (৫৫), রোকন মিয়া (৪৫) এবং মজিবার (৪২)। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাত ১টা থেকে শুরু হওয়া অভিযান চলে ভোর ৫টা পর্যন্ত। এ সময় পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ওবায়দুল ইসলাম ও সাজ্জাদ বিশ্বাস আওয়ামী লীগের নেতা এবং সাজেদুজ্জামান দীপ ছাত্রলীগের নেতা। তাঁদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।









