আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মেয়াদোত্তীর্ণ বীজ-কীটনাশক সহ নানা অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রয় এবং স্বাস্থ্য সনদবিহীন ও উৎপাদন-মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন মিষ্টান্ন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হাটবোয়ালিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যপণ্য, ঔষধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের মান ও মূল্য তদারকি করা হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রয়ের অপরাধে মো. বাবুল বিশ্বাসের ‘বিশ্বাস বীজ ভান্ডার’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া স্বাস্থ্য সনদ না থাকা এবং মিষ্টিজাতীয় সামগ্রীর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মো. জিয়া উদ্দিনের ‘জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডার’কে ৮ হাজার টাকা এবং মো. সাহিবুল ইসলামের ‘সিরাজ মিষ্টান্ন ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ ও শিশু খাদ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটালিয়নের একটি দল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মেয়াদোত্তীর্ণ বীজ-কীটনাশক সহ নানা অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

27 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com