চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সের অংশগ্রহণে আয়োজিত প্যারেডে সালামি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। পরে তিনি পুলিশ সদস্যদের ব্যবহৃত কীট সামগ্রী পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কীট সামগ্রীর সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় প্রাপ্যতার প্রাধিকার অনুযায়ী বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে প্রয়োজনীয় মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা দেন তিনি। পাশাপাশি মালামালসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।
প্যারেড শেষে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিনহাজ-উল-ইসলাম। বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ ও পেশাদারত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি। মাসিক কীট পরিদর্শন প্যারেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।









