রাষ্ট্র কি মুদিদোকান, লাভ-লোকসানের হিসাব করবে: গোলাম পরওয়ার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘রাষ্ট্র কি মুদিদোকান যে লাভ-লোকসানের হিসাব করবে? রাষ্ট্র জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্ঠান। জনগণের খাজনা, ট্যাক্স ও ভ্যাটের টাকায় রাষ্ট্রের রাজস্ব আসে।’ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ভর্তুকি দিতে হলে সরকারকে দিতে হবে। তাই বলে ছয় মাসের মধ্যে তিনবার মানুষের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ দেওয়া যায় না। জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন, পরিবহন, বিপণন, কৃষি ও সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে। সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। এর আগে ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতেও তিনি দাবি করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়িয়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।

আওয়ামী লীগকে ফেরানোর অভিযোগের প্রমাণ চাইলেন

সরকারের মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে—এমন অভিযোগের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এ বিষয়ে প্রমাণ দিতে হবে।’ তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরের একটি অংশ এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের অনুসারী বা ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য ইন্ধন দিয়ে যাচ্ছে। তাঁর দাবি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো ধরনের আঁতাতের অভিযোগ থাকলে তার প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা উচিত। নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকার পরও একই সময়ে বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত একটি দলের নেতা-কর্মীরা কীভাবে মিছিল করার সুযোগ পেলেন, সেটি তদন্তের বিষয়। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিলসংক্রান্ত মামলায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও আসামি করা হচ্ছে।

শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়েও মন্তব্য

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারত থেকে সমর্থন পাচ্ছেন—এমন অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, বিষয়টি বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের প্রসঙ্গেও তিনি সমালোচনা করেন এবং অভিযোগ করেন, এসব বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি সংকট নিয়ে ৩৮ প্রস্তাব

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, চলমান সংকট সমাধানে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছে। তাঁর দাবি, নিজস্ব খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে সংকট সমাধানে ৩৮টি প্রস্তাব সরকারের কাছে দেওয়া হলেও সরকার সেগুলো যথাযথভাবে বিবেচনা করেনি। তিনি বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। জাতীয় সংকট সমাধানে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সংশ্লিষ্ট সবার পরামর্শ বিবেচনা করা প্রয়োজন। ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আবদুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাষ্ট্র কি মুদিদোকান, লাভ-লোকসানের হিসাব করবে: গোলাম পরওয়ার

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com