পঞ্চগড়ে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনে পুলিশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে আমন ধানের ক্ষেত থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার ফাঁদ আনতে যান স্থানীয় কয়েকজন। এ সময় আমন ধানের ক্ষেতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাছিনা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনে পুলিশ

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com