চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কৃতি সন্তান সামসুল আলম খান (অনি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সামসুল আলম খান (অনি) আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের খান পাড়ার বাসিন্দা। তিনি মরহুম হালিম খানের সন্তান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সামসুল আলম খানের এ অর্জন তাঁর পরিবার ও স্বজনদের জন্য যেমন আনন্দের, তেমনি হারদী গ্রামসহ পুরো আলমডাঙ্গা উপজেলার মানুষের জন্যও গর্বের বিষয়। তাঁর এ সাফল্য দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সামসুল আলম খানের এ অর্জন নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তাঁর স্বজন, বন্ধু ও এলাকাবাসী। তাঁর পেশাগত জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেছেন তাঁরা। এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, সামসুল আলম খান (অনি) সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে তিনি পরিবার, নিজ এলাকা ও দেশের জন্য সুনাম বয়ে আনবেন। সামসুল আলম খানের এ অর্জনে হারদী গ্রামসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।









