আলমডাঙ্গার নওদাপাড়ার কৃতি সন্তান আনারুল ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া গ্রামের কৃতি সন্তান মো. আনারুল ইসলাম ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সহকারী জজ (সিভিল জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিচার বিভাগের এই মর্যাদাপূর্ণ স্থানে তাঁর মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখায় পরিবার, শিক্ষক, স্বজন এবং সমগ্র এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা।
​সম্প্রতি ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে মো. আনারুল ইসলামের এই বিজয়ের খবর ছড়িয়ে পড়ে। তিনি আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত হারেজ মোল্লার কনিষ্ঠ পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, শৈশব থেকেই আনারুলের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ ও গভীর একনিষ্ঠতা। তিনি জগন্নাথপুর-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি সম্পন্ন করার পর আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অত্যন্ত সফলতার সঙ্গে এলএলবি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে নিজের লালিত স্বপ্ন পূরণ ও দেশসেবার ব্রত নিয়ে তিনি কঠোর অধ্যবসায়ের মাধ্যমে ১৮তম বিজেএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন। এই দীর্ঘ ও কঠোর পথচলায় সাফল্য অর্জনের পর মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন আনারুল। নিজের এই অসামান্য অর্জনের নেপথ্যে থাকা দিকনির্দেশক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আনারুল ইসলাম জানান, তাঁর একাডেমিক জীবনের দীর্ঘ ও কঠিন যাত্রায় সর্বদা পাশে থেকে সার্বিক সহায়তা করেছেন তাঁর প্রিয় সহোদর আমজাদ হোসেন। পাশাপাশি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মেন্টর হিসেবে অসামান্য অনুপ্রেরণা জুগিয়েছেন খাইরুল ইসলাম। এছাড়া বিচার বিভাগীয় পরীক্ষার প্রস্তুতিতে প্রতিনিয়ত দিকনির্দেশনা দিয়েছেন মাহমুদ হাসান, সোহেল, সাজু, মিলন, গোলাম মোস্তফা ও আরাফাত। শিক্ষাজীবনের প্রতিটি স্তরের সম্মানিত শিক্ষকদের ঐকান্তিক প্রয়াশ ও অকৃত্রিম স্নেহের কথাও তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
​আনারুলের এই গৌরবোজ্জ্বল সাফল্যে শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যৎ কর্মজীবনে মো. আনারুল ইসলাম যেন পূর্ণ সততা, নিষ্ঠা ও ন্যায়ের সাথে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন সেজন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার নওদাপাড়ার কৃতি সন্তান আনারুল ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com