শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং শিশু নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), চুয়াডাঙ্গা জেলা। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ এবং নির্যাতনের শিকার শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি সাদিক বিন রহমান, শিশু সাংবাদিক শাহরিয়ার রাফিন, শিশু সাংবাদিক ইফফাত তাইয়িবা ইশারা, শিশু সংসদ সদস্য নিলিমা তাবাছুম, সাধারণ সদস্য ফারহান সাদিক, সিয়াম আলি, আরাফ রহমান, জিহাদ জামান, সোনালী, নাবিলাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এনসিটিএফের পক্ষ থেকে বলা হয়, শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগী শিশুদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করাও জরুরি।








