ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে চুয়াডাঙ্গায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে ‘জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ’ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সভায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়; নিয়মিত পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।









