উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান চুরি হয়ে যাওয়ার পর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়া একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে পরিবারটির হাতে শুকনা খাবার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটির হাতে শুকনা খাবার ও নগদ ৩ হাজার টাকা তুলে দেন পিআইও কার্যালয়ের অফিস সহকারী মহাসিন আলী, বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বেল্টু মালিথা। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ওই পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল একটি ভ্যান। সম্প্রতি ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। এতে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। পরিবারটির অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশিত হলে তা আলমডাঙ্গা উপজেলা পরিষদ কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে মঙ্গলবার রাতেই তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়ায় উপজেলা পরিষদ ও পিআইও কার্যালয়। উপজেলা পরিষদের এ মানবিক সহায়তায় কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে। সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা আলমডাঙ্গা উপজেলা পরিষদ, পিআইও কার্যালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









