অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ-রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে অপরাধ অনুসন্ধানী সাংবাদিক তথা ক্রাইম রিপোর্টারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। বর্তমানে অপরাধের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমের সম্পৃক্ততা বেড়েছে। এ বাস্তবতায় অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তথ্য ও পরামর্শ প্রদানের ক্ষেত্রে ক্র্যাবের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মন্ত্রী বলেন, ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছরের পথচলায় ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা একটি উচ্চমানের জ্ঞানভিত্তিক সাংবাদিকতার শাখা। এ কাজে গভীর পড়াশোনা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। অপরাধের মূল কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ কেবল একটি বাহ্যিক উপসর্গ। এর মূল কারণ অনুসন্ধান করে অপরাধের গোড়ায় আঘাত করতে হবে। সমাজে সংঘটিত বিভিন্ন গুরুতর ও চাঞ্চল্যকর অপরাধ বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক ক্ষেত্রে মাদক ও জুয়া অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে।

তিনি বলেন, শুধু অপরাধীকে সাজা দিলেই হবে না; কেন অপরাধ সংঘটিত হচ্ছে, সেটিও গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। অপরাধের উৎসমুখে কার্যকর সমাধান করতে পারলে সমাজে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ক্রাইম রিপোর্টার ক্ষতিগ্রস্ত বা আহত হলে সিএসআর ফান্ডসহ বিভিন্ন মাধ্যমে তাদের সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ছাড়া পেশাগত শ্রেষ্ঠত্ব ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের সনদ দেওয়ার বিষয়টি আইনগত দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় কি না, তাও বিবেচনা করা হবে বলে জানান তিনি। গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের প্রতি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্র থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। রাষ্ট্র যা চায় এবং সমাজ যা প্রত্যাশা করে, তা বাস্তবায়নে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। অ্যাসিড অপরাধ দমনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে অ্যাসিড নিক্ষেপ রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। কঠোর আইন, গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা ও ব্যাপক সামাজিক সচেতনতার সম্মিলিত প্রচেষ্টায় দেশে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

একইভাবে মাদক, অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ নির্মূলে সাংবাদিক, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। অনলাইন জুয়া ও মাদক নির্মূলে আইনি কাঠামো সংস্কারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন আধুনিকায়ন করা প্রয়োজন। দেড়শ বছরের পুরোনো গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ পরিবর্তন করে ডিজিটাল স্পেসে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্বল আইনের সুযোগ নিয়ে যাতে অপরাধীরা পার পেয়ে যেতে না পারে, সে জন্য প্রয়োজনীয় আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ। বক্তারা ক্র্যাবের ৪৩ বছরের সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদনের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com