বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানি উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিভিন্ন সময়ের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।
স্পিকার আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্রের জন্য বারবার আত্মত্যাগ করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে তারা কখনো বিচ্যুত হয়নি। জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশ দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান নির্বাচিত সরকারের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে জার্মান সরকারের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে বাংলাদেশ-জার্মানি সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের কূপ অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনে জার্মান বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্পিকার বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় তেল-গ্যাস সম্পদ অনুসন্ধানে জার্মানির বিশেষজ্ঞ দলকে বাংলাদেশে কাজ করার আমন্ত্রণ জানান। ভবিষ্যৎ অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্ব রয়েছে বলেও তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন। সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








